বরিশালের ঘটনায় পানি ঘোলা করতে দেয়া হবে না

২০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বরিশালের ঘটনাকে পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেয়া হবে না। তদন্তে সত্য উদঘাটিত হবার আগে এনিয়ে অতিমাত্রায় কথা বলা বা কিছু করাও সমীচীন হবে না।

শুক্রবার শেরে বাংলা নগর বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন।

এক প্রশ্নের জবাবে ডক্টর হাছান বলেন, বরিশালের ঘটনাটি অনভিপ্রেত ও অত্যন্ত দুঃখজনক। আমাদের দলের অবস্থান অত্যন্ত পরিস্কার। আমাদের দলের কথা বলে বা দলেরই কেউ কোনও অপকর্মে লিপ্ত হলে আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সবসময়ই সেবিষয়ে কঠোর ব্যবস্থা নিয়েছেন।

প্রশাসন ক্যাডার ইতোমধ্যেই এনিয়ে বিবৃতি দিয়েছে। সেখানে বরিশালের মেয়র ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলা হয়েছে। তদন্তাধীন বিষয়ে এমন বিবৃতি দেয়া যৌক্তিক কি না, বা তারা এটা করতে পারে কি না’ এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি দেখেছি প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে তড়িঘড়ি করে একটি বিবৃতি দেয়া হয়েছে। তদন্তে বেরিয়ে আসবে আসলে কি ঘটনা ঘটেছে। একইসাথে স্থানীয় আওয়ামী লীগ অভিযোগের বিষয়ও তদন্তে বেরিয়ে আসবে।

এর আগে সভায় ডক্টর হাছান মাহমুদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বলেন, আগস্ট মাস বাঙালির শোকের মাস। এই আগস্টেই আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবকে হারিয়েছি।

ঢাকা উত্তরের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ফোরকান হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অন্যরা তাদের বক্তৃতায় বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও ১৫ আগস্টের ওপর আলোকপাত করেন। সভাশেষে উপস্থিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিথিরা।

তথ্যমন্ত্রী/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *