২১ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ১৯৭৫ এর ১৫ আগস্টের ঘটনার ধারাবাহিকতা। এটা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। আর ‘৭৫ এর ১৫ আগস্টের ঘটনা ছিল ১৯৭১ সালের বর্বরোচিত, নৃশংস ও মানবতাবিরোধী অপরাধের ধারাবাহিকতা।
শনিবার পিরোজপুরের নেছারাবাদে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নেছারাবাবাদ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ৭১ সালে যারা আমাদের মা-বোনদের ধর্ষণ করেছে, বাড়ি-ঘর পুড়িয়েছে, ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, জোরপূর্বক ধর্মান্তরিত করেছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তাদের লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয়। বঙ্গবন্ধুর অসীম সাহস এবং বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করার কারণে তারা সেদিন সফল হয়নি।
তিনি বলেন, ৭৫’র ১৫ আগস্টের সেই চক্রই জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। তারা ভেবেছিল সব শেষ। শেখ হাসিনা-শেখ রেহানা ফিরে আসার পর ওরা বুঝতে পারলো শেখ হাসিনা-শেখ রেহানা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন। সে জন্য অন্তত ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে তারা।
নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারেফ হোসেন, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মাদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য কামরুজ্জামান খান শামীম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোকসভায় উপস্থিত ছিলেন।
গ্রেনেড হামলা/এসকেএম
















Leave a Reply