কাবুল বিমানবন্দর থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

২৫ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দর থেকে সেনাদের সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর: ওয়াশিংটন পোস্টে।

কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ায় সেখান থেকে লোকজনকে সরিয়ে নিতে অতিরিক্ত সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে গতকাল বিকেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, চুক্তি অনুসারে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিতে সঠিক পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, কাবুল বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহারের নির্দেশ এখনও দেয়া হয়নি। তবে সেখান থেকে কয়েক শ সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, এর মধ্যে পেন্টাগনসহ বিভিন্ন দপ্তরের কর্মীরাও রয়েছেন।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তালেবান এখন পর্যন্ত বিদেশিদের দেশ ছাড়ার ক্ষেত্রে কোনও ধরনের বাধা দিচ্ছে না। তবে আফগান জনগণকে বিমানবন্দরে আসার ক্ষেত্রে বাধা দেয়া হচ্ছে।

তালেবান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *