যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটে গোলাগুলি

২৪ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরতলিতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১২ জন। গোলাগুলির পর সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহও উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর: রয়টার্স।

টেনেসির পুলিশ কর্মকর্তা ডেল লেন জানান, সুপার মার্কেটে গুলির খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখানে পৌঁছে লোকজনকে উদ্ধারে কাজ শুরু করেন পুলিশের সদস্যরা। অনেকেই গুলি থেকে বাঁচতে ফ্রিজ ও লকারে লুকিয়ে ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সুপার মার্কেটে চালানো এই হামলায় একজনই জড়িত ছিলেন বলে মনে করছেন ডেল লেন। তিনি জানান, মার্কেটের বাইরে একটি গাড়ি পার্কিংয়ের স্থানে তার মরদেহটি পাওয়া যায়। সন্দেহভাজন ওই হামলাকারীর মরদেহটি তার গাড়ির মধ্যে ছিল বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।

গোলাগুলির ঘটনার প্রায় দুই ঘণ্টা পর সাংবাদিকদের পুলিশের এই কর্মকর্তা বলেন, হামলাকারীর গাড়ি ও তার সাথে থাকা জিনিসপত্র তল্লাশির জন্য বিশেষ কিছু সরঞ্জাম ঘটনাস্থলে আনা হচ্ছে। আমরা সেগুলোর জন্য অপেক্ষা করছি।

এদিকে হামলার ঘটনায় আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ডেল লেন। তাদের সবাইকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার কোনও কারণ নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্র/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *