জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ দেয়ার দায়িত্ব নিতে হবে জনপ্রতিনিধিদের

৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় জনপ্রতিনিধিদেরকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদানের দায়িত্ব অর্পণ করতে হবে।

বুধবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটরিয়ামে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত বিনামূল্যে করা যাবে নিবন্ধন সনদ। ৪৫ দিনের পর থেকে ৫ বছর পর্যন্ত ২৫ টাকা। ৫ বছরের পর থেকে ১০ বছর পর্যন্ত ৫০ টাকা এবং ১০ বছরের পর থেকে ১০০ টাকায় নিবন্ধন সনদ প্রদান করা হয়।

মেয়র বলেন, এসডিজির টার্গেট অনুযায়ী নগরবাসীকে জন্ম-মৃত্যু নিবন্ধনের আওতায় আনতে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদানের দায়িত্ব অর্পণ করা প্রয়োজন।

আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে শূন্য থেকে দুই বছর বয়সী সব শিশুকে জন্মসনদের সাথে একটি করে গাছের চারা উপহার দেয়া হয়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বস্তিবাসীদের মাঝে কোভিড-১৯ এর টিকা, স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশের নিজস্ব অর্থায়নে এখন পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে।

আতিকুল ইসলাম বলেন, অপরিকল্পিত ঢাকায় পরিবর্তন এনে সবাই মিলে সবার বাসযোগ্য সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ডিএসসিসি’র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বক্তৃতা করেন।

মেয়র আতিকুল ইসলাম/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ