খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা আইনগত ব্যাপার

১৭ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হবে কি না, তা আইনগতভাবেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, খালেদা জিয়ার জন্য আমি আমার নির্বাহী ক্ষমতা বলে যা করতে পারি তাই করেছি। পরবর্তী পদক্ষেপ ঠিক করবে আইন।

বুধবার বিকেলে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬ এ অংশগ্রহণ এবং লন্ডন ও ফ্রান্সে দুই সপ্তাহের সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন সরকার প্রধান।

সংবাদ সম্মেলনে জাতির পিতার খুনীদের পুরস্কৃত করার পরও তার সরকার খালেদা জিয়াকে মানবতা দেখিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, আমার বাবা-মা, ভাই… এমনকি ছোট্ট রাসেলকে পর্যন্ত হত্যা করেছে। তারপরও তাকে বাসায় থাকার ব্যবস্থা করেছি। কারণ আমরা অমানুষ নই।

প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, খালেদা জিয়াকে যে বাসায় থাকতে এবং চিকিৎসা করার সুযোগ দিয়েছি সেটাই কি বেশি নয়?

প্রধানমন্ত্রী বারবার তাকে হত্যা প্রচেষ্টায় খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমানের সম্পৃক্ততার অভিযোগ উত্থাপন করে উল্টো প্রশ্নকারী সাংবাদিককে প্রশ্ন করেন, আপনাকে কেউ হত্যার চেষ্টা করলে আপনি কি তাকে ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন?

তিনি বলেন, ৯৬-এর ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনী রশিদকে সংসদ সদস্য করে বিরোধী দলের নেতার আসনে বসানো হয়েছে। আরেক খুনী খায়রুজ্জামানকে তার বিচারের রায় হবার সময় নতুন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরী দেয়া এবং রাষ্ট্রদূত করা হয়। খুনী পাশাকে মারা যাওয়ার পর প্রমোশন দিয়ে সবধরনের সুযোগ-সুবিধা দেয়ার বিষয়সহ খালেদা জিয়ার বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন প্রধানমন্ত্রী।

২১ আগস্ট গ্রেনেড হামলা এবং কোটালিপাড়ায় বোমা পুঁতে রেখে তাকে হত্যা প্রচেষ্টার পর খালেদা জিয়ার দেয়া বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। বলেন, এ সবই ঘটনাগুলোর সাথে খালেদা জিয়ার সম্পৃক্ততা প্রমাণ করে। এ বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়ার জন্য যারা তাকে দয়া দেখাতে বলেন তাদের লজ্জা পাওয়া উচিত।

পিএম/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *