ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৭৫

১৯ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রাই’ এর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি ভিত্তিতে খাবার ও পানি সরবরাহের চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।

রোববার দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর: এএফপি।

এর আগে বৃহস্পতিবার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে আঘাত হানে ঘূর্ণিঝড় রাই। এতে অনেক জায়গায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে তিন লাখের বেশি মানুষ।

ঘূর্ণিঝড় রাইয়ের আঘাতে দেশটির সিয়ারগাও, দিনাগাত ও মিন্দানাও দ্বীপেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও দমকল বাহিনীর হাজারো সদস্যকে মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী প্রকাশিত ছবিতে দেখা গেছে, সিয়ারগাওয়ের জেনারেল লুনা শহরে বিভিন্ন ভবনের ছাদ উড়ে গেছে। মাটিতে বিভিন্ন ধ্বংসাবশেষ পড়ে আছে।

দিনাগাতের গভর্নর আরলিন বাগ আও গতকাল শনিবার বলেন, রাইয়ের আঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা ২০১৩ সালে আঘাত হানা শক্তিশালী ঝড় হাইয়ানের স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে।

হাইয়ান হলো ফিলিপাইনে এযাবৎকালের আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ২০১৩ সালে এ ঝড় আঘাত হানার পর ৭ হাজার ৩০০–এর বেশি মানুষ নিহত হয়েছে।

বর্তমানে ঘূর্ণিঝড় রাইয়ের গতি কমে ঘণ্টায় ১৫০ কিলোমিটার হয়েছে। ঝোড়ো আবহাওয়ার কারণে টানা বৃষ্টি হচ্ছে। বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ঝড়টি দক্ষিণ চীন সাগর হয়ে ভিয়েতনামের দিকে এগিয়ে যাচ্ছে।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি ফিলিপাইন। প্রতিবছর দেশটিতে গড়ে ২০টি ঝড় আঘাত হানে।

ফিলিপাইন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *