১৭ জানুয়ারী ২০২২ (নিউজ ডেস্ক, নারায়ণগঞ্জ): সেলিনা হায়াৎ আইভীর সাথে অধ্যাত্মিক ও আত্মার সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।
সোমবার শেষ বিকালে শহরের মাসদাইর এলাকায় মিষ্টি ও ফুল নিয়ে তৈমুরের বাসভবনে যান আইভী। পরে দুই নেতা পাশাপাশি বসে গণমাধ্যমের সাথে কথা বলেন।
এসময় তৈমুর আলম খন্দকার বলেন, আইভীর সাথে আমার যে সম্পর্ক এটি একটি আধ্যাত্মিক ও আন্তরিক সম্পর্ক। আমি সবসময় তার জন্য দোয়া করি। আলী আহমদ চুনকার সাথে আমার সম্পর্ক ছিল। আইভী চুনকার মেয়ে মানে আমার মেয়ে। আমি মনে করি আমার মেয়ে জিতেছে।
এসময় আইভী বলেন, তৈমুর কাকা আমার বাবার মতো। তাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। আমাদের অনেক পারিবারিক সমস্যা সমাধানে তিনি এগিয়ে এসেছেন। আমি বাবা-মার কবর জেয়ারত করতে এলে তৈমুর কাকার মায়ের সাথে দেখা করতাম। নির্বাচনে জয় পরাজয় কোনও বিষয় না। আমাদের পারিবারিক সম্পর্কটা সারাজীবন থাকবে। কাকার পরামর্শ নিয়ে এগিয়ে যাবো।
এ সময় তৈমুর আলম বলেন, আইভীর সাথে আমার সবধরণের সহযোগিতা থাকবে। শুধু সমালোচনা নয়, সবাই তাকে সহযোগিতা করবেন। প্রশাসক হিসেবেও আইভীর সফলতা কামনা করি আমি।
এর আগে রোববার নাসিক নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। নির্বাচনে বেসরকারি ফল অনুযায়ী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
আইভী-তৈমুর/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply