২ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেন থেকে পোল্যান্ডের মেডিকা সীমান্তে আসা বাংলাদেশিদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস।
পাশাপাশি পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিরাও স্বদেশিদের সহায়তায় এগিয়ে এসেছেন৷ খবর: ডয়েচে ভেলে।
মেডিকা সীমান্তে সড়কের পাশেই বাসটির সামনের গ্লাসে বাংলাদেশের দূতাবাসের নাম ও লোগো লাগানো রয়েছে। পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এ বিশেষ বাসের ব্যবস্থা করেছে।
বাসটি বুধবার পর্যন্ত এখানেই থাকবে বলে জানা গেছে৷ এর মধ্যে সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশিরা বাসটিতে বিশ্রাম এবং আশ্রয় নিতে পারবেন। সেখানে তাদের খাবারসহ বিভিন্ন কিছু সরবরাহ করা হচ্ছে।
মঙ্গলবার সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা অনির্বাণ নিয়োগী। তিনি বলেন, আমাদের কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে সবাই আমাকে জানাচ্ছেন। মোবাইলে যখনই আমরা তথ্য পাচ্ছি, কারও সহায়তা দরকার সাথে সাথে সেখানে আমরা নিজেরাই যাচ্ছি বা রিসোর্স মোবিলাইজ করছি।
বাসে আশ্রয় নেয়া এক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, সীমান্ত পার হওয়ার পর আমি জানতে পেরেছি এমন একটি ব্যবস্থা করা হয়েছে। এখন আপাতত আমি পোল্যান্ডের রাজধানী ওয়ারশো যাব। ওখানে গিয়ে বিশ্রাম নিয়ে পরে পরিকল্পনা করব কোথায় যাব।
এদিকে পোল্যান্ডে অবস্থানরত প্রবাসীরাও বাংলাদেশিরাও ইউক্রেন থেকে আসা স্বদেশিদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। মেডিকা সীমান্তে স্বেচ্ছাসেবী হিসেবে দূতাবাসের দলের সাথে কাজ করছেন তারা।
হামীম নামে একজন জানান, তিনি ৬০০ কিলোমিটার দূর থেকে খাবার, পানি নিয়ে এসেছেন। পাশাপাশি অনেক বাংলাদেশিও ব্যক্তি উদ্যোগে তাদের আশ্রয় দেয়ার চেষ্টা করছেন। এমন ২৫ থেকে ৩০ বাংলাদেশি পোল্যান্ডের প্রবাসীদের আশ্রয়ে আছেন বলে জানিয়েছেন আরেকজন। এদিকে ওয়ারশোতেও বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করেছে দূতাবাস।
ইউক্রেন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply