২১ মার্চ ২০২২ (স্পোর্টস ডেস্ক): পরিবারের কয়েকজন অসুস্থ। হাসপাতালে ভর্তি তারা। সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসবেন কি না, এমন কথা উঠেছিল। একবার ঠিক হয়েছিল আজ রাতেই তিনি দেশে ফেরার বিমানে উঠবেন। পরে সাকিব নিজেই সিদ্ধান্ত নেন, আপাতত দলের সাথেই থাকবেন।
দুঃসংবাদটা তিনি পেয়েছেন দক্ষিণ আফ্রিকা পৌঁছেই। আগে থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তার মা। এরপর জানতে পারেন, তার সন্তানেরাও অসুস্থ। এ অবস্থায় সফরের বাকি অংশে তার খেলাটা স্বাভাবিকভাবেই অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল। তবে আপাতত দক্ষিণ আফ্রিকা থেকে খবর, দলের সাথেই থেকে যাচ্ছেন সাকিব।
সাকিব দেশে ফিরে যাবেন, এ আলোচনাটা ওঠে গত রাতেই। যেহেতু মা ও সন্তানেরা অসুস্থ, তাই মানসিকভাবে বিপর্যন্ত অলরাউন্ডারকে আগামী ২৩ মার্চ হতে যাওয়া শেষ ওয়ানডে খেলেই দেশে ফেরত পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সে দিন দেশে ফেরার বিমানের টিকিট পাওয়া যায়নি। পাওয়া যায় আজ সোমবারের টিকিট। সিদ্ধান্ত হয়, আজই তাকে দেশে ফেরত পাঠানো হবে। কিন্তু সাকিব শেষ ওয়ানডেটা খেলতে চান। তাই তিনি আপাতত দলের সাথেই থাকছেন।
বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদও বলেছেন, সাকিবের একটা মেডিকেল ইমারজেন্সি আছে। ওর পরিবারে অনেকেই অসুস্থ। সে কারণেই ওর মনে একটা দ্বিধা তো আছেই। ঢাকাতেও পরিবারের সাথে আসা-যাওয়া নিয়ে কথা বলছে। টিকিট বুক করতে হচ্ছে ওর জন্য। আজ রাতে সে চলে যাবে এমন একটা কথা ছিল। কিন্তু সাকিব নিজেই রাজি নয় যেতে, সে খেলেই যাবে। আমি এটিই বলতে পারি, ওর যাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু সে এখন শেষ ওয়ানডেটি খেলবে।
খালেদ মাহমুদ বললেন, আমরাও আশা করি সাকিবের পরিবারের সবকিছু ঠিকঠাক থাকবে। সবাই সুস্থ থাকবে।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply