সংকট কাটাতে ৩০০ কোটি ডলার প্রয়োজন শ্রীলঙ্কার

৯ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। আগামী ৬ মাসের মধ্যে এই সংকট কাটিয়ে উঠতে দেশটির ৩০০ কোটি ডলার সহায়তা প্রয়োজন। এই অর্থ দিয়ে জ্বালানি ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের গতি স্বাভাবিক করা সম্ভব হবে।

শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। খবর: রয়টার্স।

দুই কোটির বেশি জনসংখ্যার দেশ শ্রীলঙ্কা চরম অর্থনৈতিক সংকটে রয়েছে। ঋণে জর্জরিত দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনক কমে গেছে। এ জন্য জ্বালানিসহ অন্য পণ্য আমদানির মূল্য পরিশোধ করতে পারছে না দেশটি। ঘণ্টার পর ঘণ্টা মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে। মূল্যস্ফীতি মাত্রা ছাড়িয়েছে। বাজারে পণ্য নেই। খাদ্য, জ্বালানি ও অন্যান্য নিত্যপণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পুরো মন্ত্রিসভা পদত্যাগ করেছে। নতুন অর্থমন্ত্রী হিসেবে আলি সাবরি যোগ দিলেও তিনিও এক দিন পরই পদত্যাগ করেন। তবে গতকাল শুক্রবার আবারও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।

আজ রয়টার্সকে সাক্ষাৎকার দেন আলি সাবরি। তিনি বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে ৬ মাসের মধ্যে প্রায় ৩০০ কোটি ডলার প্রয়োজন। তবে তা পাওয়া খুব কঠিন বলে মনে করেন তিনি। সাবরি বলেন, এটি কঠিন কাজ।

রয়টার্সকে সাবরি বলেন, আমাদের অবস্থান কোথায় আমরা তা জানি। এখন আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য লড়াই করতে হবে। আমাদের আর উপায় নেই। মার্চের শেষের দিকে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রা রিজার্ভের পরিমাণ ১৯৩ কোটিতে দাঁড়ায়।

সাবরির মতে, আগামী ছয় মাসে সরকারকে কর হার ও জ্বালানির মূল্য আরও বাড়াতে হবে। তিনি মনে করেন, দেশকে সংকট থেকে বের করে আনতে এর বিকল্প নেই।

শ্রীলঙ্কা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ