১২ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ঝুঁকি সীমার অনেক নিচে রয়েছে। এই অবস্থান ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গণভবনে ‘অফশোর ট্যাক্স অ্যামেস্টি’ এবং ‘শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের পটভূমিতে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির পর্যালোচনা’ বিষয়ে উপস্থাপনা প্রত্যক্ষ করার সময় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ বিভাগ এই পর্যালোচনা উপস্থাপন করে। এ সময় শ্রীলংকার চলমান সংকটের কারণ এবং এর প্রতিক্রিয়া নিয়ে আলোচনার পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন সূচক পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, প্রায় সব সূচকেই বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় আছে। তবে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি, খাদ্যপণ্য ইত্যাদি অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ‘আমদানিকৃত মুদ্রাস্ফীতি’ হিসেবে সৃষ্ট অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে একটি সমন্বিত রাজস্বনীতি ও মুদ্রানীতি বাস্তবায়নের উপর জোর দেয়া হয়।
অর্থনীতির বিভিন্ন সূচক বিশ্লেষণে দেখা যায়, মধ্য ও দীর্ঘ মেয়াদে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের বড় কোন ঝুঁকির আশংকা নেই।
এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং ব্যাংকিং বিভাগের সচিব উপস্থিত ছিলেন।
পিএম/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply