৯ মে ২০২২ (নিউজ ডেস্ক): বঙ্গোপসাগর ও এর অশপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ আজও শক্তিশালী অবস্থানে থাকবে। ঘূর্ণিঝড়টি দ্রুত শক্তি অর্জন করছে। এর গতিমূখ এখন পর্যন্ত ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের দিকে আছে। তবে এটি যে কোন মূহূর্তে গতি পরিবর্তন করে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের উপকূলে আঘাত হানতে পারে। এটি যেখানেই আঘাত হানুক না কেন, এর প্রভাবে বাংলাদেশের উপকূলসহ বেশির ভাগ এলাকায় ১১ মে থেকে বৃষ্টি হতে পারে।
সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, চিন্তার কোনও কারণ নেই। সবশেষ তথ্যানুযায়ী যেভাবে ছিল এখনও সেভাবেই আছে ঘূর্ণিঝড় অশনি। যেভাবে আছে, সেখান থেকে আজ তেমন পরিবর্তন হয়ত হবে না। বরং এটি আগামিকাল থেকে আস্তে আস্তে দুর্বল হতে পারে। আজ পর্যন্ত এটা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে। আজ এর গতিপথ কোনও পরিবর্তন হবে না। আজকের পর অশনির গতিপথ পরিবর্তন হবে কিনা তাও বলা যাচ্ছে না। বর্তমানে যে গতিপথে আছে তাতে আগামিকাল মঙ্গলবার এটি ভারতের উপকূলের আছড়ে পড়তে পারে।
তিনি বলেন, ‘আপাতত বাংলাদেশ শঙ্কামুক্ত থাকবে। তবে কোথাও কোথাও বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বাতাস বয়ে যেতে পারে। এখন পর্যন্ত হিসেব অনুযায়ী, এটি ভারতের ওডিশার দিকে ধাবিত হচ্ছে। তবে উপকূলে ধেয়ে আসার সাথে সাথে এর গতি কমে যাবে। যার ফলে বাংলাদেশে এর সেভাবে প্রভাব পড়বে না বলে দৃশ্যমান হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিন-৮ অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অশনি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬ টার দিকে চট্টগ্রাম সমদ্রবন্দর থেকে ১ হাজার ৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১ হাজার ২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড়/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply