বোলিং-ব্যাটিংয়ে দ্বিতীয় দিন বাংলাদেশের

১৬ মে ২০২২ (স্পোর্টস ডেস্ক): চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বলে-ব্যাটে দারুণ সফল বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ২৫৮ রান খরচ করে টাইগাররা শিকার করে মাত্র ৪ উইকেট।

সোমবার দ্বিতীয় দিনে ১৩৯ রানে নাঈম হাসান ও সাকিব আল হাসানরা শিকার করেন ৬ উইকেট। আগের দিনে ২ উইকেট নেয়া অফস্পিনার নাঈম সোমবার শিকার করেন ৪ উইকেট। এদিন সাকিব নেন ২ উইকেট।

আর ব্যাট হাতে সফল তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। শ্রীলংকার করা ৩৯৭ রানের জবাবে সোমবার দ্বিতীয় দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দেন তামিম-জয়। ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এই দুই ওপেনার। ৩৯ ও ৩১ রান নিয়ে মঙ্গলবার ফের ব্যাটিংয়ে নামবেন তারা।

চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেঞ্চুরি আর কুশল মেন্ডিসের ফিফটিতে ভর করে প্রথম দিনে ৪ উইকেট হারিয় ২৫৮ রান সংগ্রহ করে শ্রীলংকা।

১১৪ ও ৩৪ রানে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে দিনের শুরুটা ভালো ভাবেই সামাল দেন ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। পঞ্চম উইকেটে তারা গড়েন ১৩৬ রানের জুটি।

মধ্যাহ্নভোজের আগে চান্দিমালকে আউট করে সাজঘরে ফেরান নাঈম হাসান। তার আগে ১৪৮ বল মোকাবেলা করে দুই চার আর তিন ছক্কায় ৬৬ রান করেন লংকান সাবেক এই অধিনায়ক।

এরপর শ্রীলংকার আর কোনও ব্যাটসম্যানকে উইকেটে থিতু হতে দেননি নাঈম হাসান ও সাকিব আল হাসানরা। চান্দিমালকে আউট করার পর সেই ওভারেই নিরশন ডিকভেলাকে একই কায়দায় এলবিডব্লিউ করে ফেরান নাঈম। চার উইকেটে ৩১৯ রান করা শ্রীলংকা এরপর ৭৮ রানের ব্যবধানে হারায় ৬ উইকেটে।

প্রথম দিনে ১১৪ রান করা ম্যাথিউসকে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরান নাঈম। দীর্ঘ সময় উইকেটে থেকে ৩৯৭ বল মোকাবেলা করে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন ম্যাথিউস। ম্যাথিউসের ১৯টি চার আর এক ছক্কায় গড়া ১৯৯ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৯৭ রান করে শ্রীলংকা।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *