১৮ মে ২০২২ (নিউজ ডেস্ক): ভারত বাংলাদেশে গম রপ্তানি বন্ধ করেনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেছেন, একটি খবর রটেছে যে-ভারত গম রপ্তানি বন্ধ করেছে। কিন্তু আমি হাইকমিশনের সাথে আলাপ করে জেনেছি বাংলাদেশের জন্য রপ্তানি বন্ধ হয়নি। জিটুজি ভিত্তিতে আমদানি চালু রয়েছে। পাশাপাশি বেসরকারি পর্যায়ে বাংলাদেশী কোন ব্যবসায়ী আমদানি করতে চাইলে সেই সুযোগ করে দেয়া হবে। এছাড়া দেশে গমের বর্তমান যে মজুদ রয়েছে, তাতে সহসা কোনও সংকট হওয়ার কথা নয়।
বুধবার সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বার্ষিক চাহিদার ৯০ ভাগ ভোজ্যতেল আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করতে হয়। তবে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজার অর্থাৎ পাম তেল ও সয়াবিন তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় জোগানের রাইস ব্র্যান ও সরিষার তেল উৎপাদন বাড়ানোর চিন্তা করা হচ্ছে। বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, দেশে এখন ৫০ থেকে ৬০ হাজার টন রাইস ব্র্যান তেল উৎপাদন হয়। এটা খুব সহজেই ৭ লাখ টনে উন্নীত করা সম্ভব। সেক্ষেত্রে রাইস ব্র্যানের সুফল সম্পর্কে প্রচার-প্রচারণা চালাতে হবে। চিকিৎসকদের এ নিয়ে কথা বলতে হবে। পাশাপাশি সরিষার উৎপাদন বাড়ানোর সম্ভাবনার কথাও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে।
তিনি জানান, দেশে বর্তমানে ভোজ্যতেলের কোন সংকট নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানের বিষয়ে তিনি বলেন, আগের দামে কেনা তেল মজুদ রয়েছে কিংবা র্নিধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পেলে সেখানে কেবলমাত্র অভিযান চালানো হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে ভীতি সৃষ্টি করা আমাদের লক্ষ্য নয়।
আন্তর্জাতিক বাজারে বেশ কিছু ভোগ্য পণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষিতে অভ্যন্তরীণ বাজারে যে দাম বৃদ্ধি পেয়েছে, তা মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply