৩ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): শ্রীলংকার রাজধানী কলম্বোয় রাশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ আটকে দেয়া হয়েছে। উড়োজাহাজটিতে প্রায় ২০০ আরোহী ছিল।
বৃহস্পতিবার উড়োজাহাজটি কলম্বো ছেড়ে যাওয়ার কথা ছিল। খবর: বিবিসি।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দর ছাড়ার ঠিক আগে কলম্বোর বাণিজ্যিক আদালতের নির্দেশে উড়োজাহাজটি আটকে দেয়া হয়।
শ্রীলংকায় আটকেপড়া উড়োজাহাজটি অ্যারোফ্লোটের। এটি রাশিয়ার সবচেয়ে বড় বিমান সংস্থা। ইউক্রেনে রাশিয়ার হামলার পর নিষেধাজ্ঞার মুখে গত মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছিল অ্যারোফ্লোট। তবে এপ্রিলে কলম্বোর সাথে আবার বিমান চলাচল শুরু করে সংস্থাটি।
মস্কোর কাঁধে চাপিয়ে দেয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সাথে রাশিয়ার উড়োজাহাজ আটকে দেয়ার কোনও সংযোগ আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই উড়োজাহাজের সব যাত্রী ও ক্রুকে হোটেলে নেয়া হয়েছে বলে জানিয়েছে বন্দরনায়েক বিমানবন্দর কর্তৃপক্ষ।
শ্রীলংকা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















