রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক প্রবৃদ্ধির অনুমিত হার কমেছে

৮ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, রাশিয়া): রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রভাবে বিশ্বব্যাংক তার বৈশ্বিক প্রবৃদ্ধির অনুমিত হার কমিয়ে ২ দশমিক ৯ শতাংশ করেছে। যা গত জানুয়ারির পূর্বাভাসের চেয়ে ১ দশমিক ২ শতাংশ পয়েন্ট কম।

ব্যাংক বলেছে, দুর্বল প্রবৃদ্ধি ও ক্রমবর্ধমান উচ্চমূল্যের নেতিবাচক প্রভাবে কয়েক ডজন দরিদ্র দেশ ব্যাপক দুর্ভোগে পড়তে পারে। এ সব দেশ এখনো কোভিড-১৯ মহামারি থেকে পুনরুদ্ধারের সংগ্রাম করছে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস সাংবাদিকদের বলেন, ‘নিম্ন ও মধ্যম আয়ের অর্থনীতির জন্য সম্ভাব্য অস্থিতিশীল পরিণতির সাথে স্থবিরতার যথেষ্ট ঝুঁকি রয়েছে।

তার ভাষ্য, অনেক দেশের জন্য মন্দা এড়ানো কঠিন হবে।

ইউক্রেনের জন্য সহায়তা পরিকল্পনায় মোট ৪০০ কোটি মার্কিন ডলারের বেশি প্যাকেজে বিশ্বব্যাংক ১ দশমিক ৫ বিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।

যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকটের সতর্কতা ঘোষণার মধ্যে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন থেকে খাদ্য শস্য সরবারাহে ‘নিরাপত্তা করিডোর’ নিয়ে আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছেন।

রাশিয়ান নৌবাহিনীর অবরোধের কারণে বিশ্বের অন্যতম খাদ্য রপ্তানিকারক ইউক্রেনের গম এবং অন্যান্য পণ্য জাহাজীকরণ বন্ধ হয়ে যাওয়ায় খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: সেভেরোদোনেটস্কের আবাসিক এলাকাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, এই মুহূর্তে আমাদের কাছে প্রায় ২০ থেকে ২৫ মিলিয়ন টন খাদ্যশস্য আটকা পড়ে আছে। শরৎকালে তা বেড়ে দাঁড়াবে ৭০ থেকে ৭৫ মিলিয়ন টন।

জাতিসংঘের অনুরোধে তুরস্ক তাদের উপকূলসহ সমুদ্রে মাইন থাকা সত্ত্বেও ইউক্রেনীয় শস্যবহনকারী জাহাজগুলো এসকর্ট করে শস্য সরবরাহের প্রস্তাব দিয়েছে।

বিশ্বব্যাংক/এএমএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ