দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু

১০ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হবে। এমনটাই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র একথা জানান।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে যে কোরবানি দেয়া হবে, আমি সবাইকে অনুরোধ করব- খুব সুষ্ঠুভাবে, পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে যেন আমরা কোরবানি দিতে পারি। এরপর আমরা দুই মেয়র মিলে, ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য সব বর্জ্য অপসারণে আমরা দুপুর ২টা থেকে কার্যক্রম শুরু করব।

ঈদ জামাতের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামীনের কাছে শোকরিয়া আদায় করছি। অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও সন্তোষজনক পরিবেশে আমরা এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরেছি।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশবাসী এবং ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামও জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন।

আরও পড়ুন: ঈদে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

এসময় বর্জ্য অপসারণে সবার সহযোগিতা কামনা করে আতিকুল ইসলাম বলেন, আমি সবাইকে অনুরোধ করব, ঢাকাবাসীকে অনুরোধ করব আপনারা আমাদেরকে সাহায্য করুন। আপনারা নির্দিষ্ট স্থানে বর্জ্যটা রেখে দিন। আমাদের সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা ইতোমধ্যে মাঠে নেমেছে। জনগণের সহযোগিতা পেলে, আমরা আশা করি খুব শিগগিরই সব বর্জ্য অপসারণ করতে পারব।

এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন ঈদের প্রধান জামাতে ইমামতি করেন।

ঈদুল আজহা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ