নামসর্বস্ব দলের সাথে বিএনপি’র বৈঠক

২৩ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): নামসর্বস্ব নানা দলের সাথে বৈঠক করে বিএনপি প্রমাণ করেছে তারা চরম রাজনৈতিক সংকটে রয়েছে। এমন মন্তব্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদের।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে পুরো পৃথিবী আজ সংকটের মুখে। খোদ যুক্তরাষ্ট্রে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের জন্য সবাইকে পরামর্শ দেয়া হচ্ছে। ইউরোপের অনেক দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি, সেখানেও কোথাও কোথাও লোডশেডিং হয়েছে। বলা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ের কথা।

৪০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মূল্যস্ফীতি ৮ দশমিক ৬ ভাগ এবং যুক্তরাজ্যে ৯ দশমিক ১ভাগ। প্রতিবেশি দেশগুলোর মধ্যে শ্রীলংকায় ৩৯ দশমিক ১ ভাগ, পাকিস্তানে ১৩ দশমিক ৮ ভাগ এবং ভারতেও ৭ শতাংশের ওপরে।

বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য ‘শুধু বিএনপি নয়, পুরো জাতি সংকটে আছে’ এর জবাব দেন ডক্টর হাছান মাহমুদ। বলেন, বাংলাদেশ তো বিচ্ছিন্ন কোনও দ্বীপ নয়। পৃথিবী সংকটে থাকলে বাংলাদেশে তার কিছুটা আঁচড় পড়বে সেটা স্বাভাবিক। এর মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দেশের চেয়ে পরিস্থিতি অনেক ভালোভাবে সামাল দিচ্ছেন। সেজন্যই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত অর্থনীতিবিদদের গবেষণায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। বরং বিএনপি চরম রাজনৈতিক সংকটে আছে।

তিনি বলেন, গত নির্বাচনে তারা বাম-ডান, অতিবাম-অতিডান সব দলের ঐক্য করে বিএনপি ঝুলিতে মাত্র পাঁচটি সংসদীয় আসন পেয়েছে। এবার দেখি কিছু কিছু দলের সাথে তারা বৈঠক করছে, যেসব দল অণুবীক্ষণযন্ত্র দিয়ে দেখার বিষয়। এ ধরনের নামসর্বস্ব দল যে আছে, সেটি আমরা বিএনপির বৈঠকের পর জানতে পারছি। এদের সাথে বৈঠক করে বিএনপি প্রমাণ করেছে তারা চরম রাজনৈতিক সংকটে আছে।

তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *