অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান

১ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): সাম্প্রদায়িক শক্তির প্রতিভূদের উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে সচিবালয়ে তার দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের জনগণের প্রতি তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, যারা দেশকে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে দেখতে চায়, উন্নয়ন বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির প্রতিভূ- তারা দেশের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে- তাদের অপপ্রচারে বিভ্রান্ত হবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক অবরোধ, আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস, সারের মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার নানামুখী সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। বিশ্বের অনেক দেশ অসহনীয় এবং আকাশচুম্বী মূল্যস্ফীতি মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। উন্নত বিশ্বের মূল্যস্ফীতির হারের দিকে তাকালে বিশ্ব অর্থনৈতিক সংকটের তীব্রতা টের পাওয়া যায়।

ওবায়দুল কাদের জানান, যেখানে মুদ্রাস্ফীতি জুন মাসে যুক্তরাষ্ট্রে ৯ দশমিক ১শতাংশ, যুক্তরাজ্যে ৯ দমমিক ৪শতাংশ, জার্মানি ৮ দশমিক ৯শতাংল, রাশিয়া ১৫ দশমিক ৯শতাংশ, তুরস্ক ৭৮ দশমিক ৬শতাংশ, নেদারল্যান্ডে ৯ দশমিক ৪শতাংশ, শ্রীলংকায় ৩৯ দশমিক ৯ শতাংশ, এবং পাকিস্তানে ২১ দশমিক ৩শতাংশ সেখানে বাংলাদেশে জুন মাসে মুদ্রাস্ফীতি ছিল ৭ দশমিক ৫৬শতাংশ।

দেশের ভেতরে অনেকে শুধু মূল্যস্ফীতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সতর্কতামূলক উদ্যোগ গ্রহণের ফলে বাংলাদেশের অবস্থাই তুলনামূলক ভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং সকল শহীদের স্মৃতি শ্রদ্ধাভরে স্মরণ করেন।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *