৩ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): বিএনপির আন্দোলন মানেই নিজেরা নিজেরা মারামারি, চেয়ার ছোঁড়াছুঁড়ি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সরকার হটাবেন? দেখি-না জনগণ সাড়া দেয় কি না! এখনও কোথাও জনগণ সাড়া দেয়নি। জনগণ কারও সাথে মারামারি করে না। আপনাদের আন্দোলন মানে হচ্ছে নিজেরা নিজেরা মারামারি, চেয়ার ছোড়াছুড়ি। আপনাদের বিক্ষোভ মানেই পুলিশের ওপর হামলা। তো পুলিশ আত্মরক্ষা করবে না?
তিনি বলেন, মির্জা ফখরুলকে সতর্ক করে দিতে চাই, আপনাদের হাতে রক্তের অনেক দাগ। আমরা আপনাদের কাউকে হত্যা করিনি। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি আমরা বিশ্বাস করি না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেবের আন্দোলন আন্দোলন বলতে বলতে গলা শুকিয়ে গেছে। নেতাকর্মী ছাড়া বিএনপির সাথে জনগণের কোনও সংযোগ নেই। আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। নির্বাচনের মাধ্যমেই সবকিছুর ফয়সালা হবে।
বিএনপির হাতে রক্তের দাগ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপি। আহসানউল্লাহ মাস্টার, কিবরিয়া, আইভী রহমানকে হত্যা করেছে। চট্টগ্রাম থেকে জিয়ার লাশ ঢাকায় আনা হয়েছে কিন্তু সেই লাশ কেউ দেখেনি। মির্জা ফখরুল সাহেব লাশের একটা ছবি দেখাতে পারবেন? পারবেন না।
ওবায়দুল কাদের বলেন, কারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আইনের মাধ্যমে অব্যাহতি দিল, পুরস্কৃত করল, সে প্রশ্নের জবাব মির্জা ফখরুলরা আজও দেননি, দেবেনও না।
আওয়ামী লীগ এই নেতা বলেন, কেন খুনিদের পুরস্কৃত করা হলো? কেন তাদের নিরাপদে বিদেশে পাঠানো হলো? আমাদের দূতাবাসে তাদের কেন চাকরি দেয়া হলো? এসব প্রশ্নের উত্তর তারা দেবেন না। কারণ, তারা সত্যের মুখোমুখি হতে ভয় পান।
তিনি বলেন, পলাশীর মতো ’৭৫-এ মীরজাফরের ভূমিকায় মোশতাক এবং ইয়ার লতিফের ভূমিকায় ছিলেন জিয়া। বিশ্বাসঘাতকদের ইতিহাস ক্ষমা করবে না।
ওবায়দুর কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply