পানির চাহিদা পূরণে ওয়াটার গ্রিড লাইন চালু করবে সরকার

নিউজ ডেস্ক: শিল্প-কলকারখানাসহ দেশে পানির ভবিষ্যৎ চাহিদা পূরণে গ্যাস-বিদ্যুতের মতো ওয়াটার গ্রিড লাইন স্থাপন করা হবে। এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। ‘দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে কমিউনিটি ভিত্তিক সুপেয় পানি অবকাঠামোর টেকসই শাসন: কমিউনিটি ম্যানেজমেন্ট প্ল্যান্ট মডেলের একটি কেস স্টাডি’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

তাজুল ইসলাম বলেন, দেশে একশ’টি অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে। এছাড়াও অনেক নতুন নতুন শিল্প কলকারখানা হচ্ছে। যেখানে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হবে। পানির ভবিষ্যৎ চাহিদা মেটাতে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে।

উপকূলীয় অঞ্চলে বসবাসরত মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করেন তাজুল ইসলাম। বলেন, উপকূলীয় অঞ্চলের পানি লবণাক্ত হওয়া ছাড়াও দেশের কিছু কিছু এলাকায় নিরাপদ সুপেয় পানি সরবরাহ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ‘ন্যাশনাল ওয়াটার গ্রিড লাইন’ তৈরির মাধ্যমে জোন এবং সাব-জোন করে পানি সরবরাহ করতে পারলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে।

এসডিজির লক্ষ্যমাত্রা পূরণে সরকার ভূ-পৃষ্ঠের পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী। বলেন, সারাদেশে পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করার কাজ চলমান রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকী, ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর জিয়া রহমান, ভূতত্ব বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মতিন উদ্দিন আহমদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক লিয়াকত আলী খান, ঢাকাস্থ নেদারল্যান্ড দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফকার দে জ্যাগার।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আইনুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুল হাসান।

তাজুল ইসলাম/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *