বহুতল ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক: রাজধানীর আদাবরে একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও দুই শ্রমিক।

রোববার বিকালে আদাবরের মনসুরাবাদ এলাকার ৪-এ রোডের ২১ নম্বর বাড়ির সাততলায় কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ৩৫ বছর বয়সী রেজাউল ও ৩০ বছর বয়সী নাজিম। আহতরা হলেন- রুবেল এবং রিয়াজ।

স্থানীয়রা জানান, উপরের মাচা বেঁধে তারা বিল্ডিংয়ের বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিলেন। বিকাল ৪টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়। এ সময় সবাই দৌঁড়ে এসে দেখে বিল্ডিংয়ের উপর থেকে মাচা ভেঙে নিচে পড়ে গেছেন শ্রমিকরা। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে নাজিমকে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও দুই শ্রমিককে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

আদাবর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, এ ঘটনায় আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখান থেকে শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে ২ শ্রমিক মারা গেছেন। তাদের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাকিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিহতদের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

মোহাম্মদপুর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *