পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৬ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যদের মধ্যে এক কর্মকর্তা ও পাঁচ কনস্টেবল রয়েছেন। পুলিশ গাড়ি নিয়ে রাস্তায় টহল দেয়ার সময় সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালায়।

বুধবার পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে এ ঘটনা ঘটে। খবর: দ্য ডন।

খবরে বলা হয়, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের লাকি মারওয়াত এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা টহলরত পুলিশের একটি গাড়িতে হামলা চালায়। এতে অন্তত ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশের মুখপাত্রের মতে, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের চৌকি আব্বাসি এলাকায় হামলার এ ঘটনা ঘটে। নিহতরা একটি পুলিশভ্যানে সেখানে রুটিন ডিউটিতে নিযুক্ত ছিলেন।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পুলিশের ওপর সন্ত্রাসী এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বলেছেন, পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে অগ্রগামী হিসেবে গর্বিত ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী সন্তানদের জাতি স্যালুট জানায়। সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু, সমগ্র পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালী প্রাচীর হয়ে থাকবে।

এদিকে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান এ ঘটনা আমলে নিয়েছেন এবং পুলিশের আইজির কাছে প্রতিবেদন চেয়েছেন। এ ছাড়া তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না।

পাকিস্তান/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *