নোয়াখালীতে মানবপাচার চক্রের ১ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক: নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে মানবপাচারকারী চক্রের আওতায় থাকা চার নারীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আবু বক্কর ছিদ্দিক ওরফে সোহেল কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হারুনের ছেলে।

বৃহস্পতিবার সকালে কবিরহাট থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এনে চার নারীর এনআইডি কার্ড তৈরির চেষ্টাকালে মানবপাচারকারী চক্রের এ সদস্যকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার চার নারী আর্থিকভাবে পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনের মধ্যে দিনযাপন করেন। এ সুযোগে মানবপাচারকারী চক্রের সদস্যরা তাদের পাচার করার জন্য বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে আসছে। এতে চার নারী প্ররোচিত হলে গত ১২ নভেম্বর বিদেশে নেয়ার কথা বলে তাদের নিজ বাড়ি থেকে ঢাকায় নেয়া হয়।

সেখান থেকে বিদেশ নেয়ার জন্য পাসপোর্ট তৈরির জন্য এনআইডি কার্ড করার কথা বলে বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনা হয়। তার পর পাচারকারী চক্রের হোতা সিদ্দিকের বাড়িতে রেখে এনআইডি কার্ড করার জন্য অনলাইনে ফরম পূরণ করা হয়।

পরে চার নারীকে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছবি উঠানোর জন্য নেয়া হলে স্থানীয় লোকজন তাদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তারা তাদের স্থায়ী নাম-ঠিকানা প্রকাশ করে। পরে স্থানীয় লোকজন তাদের পাচার করার কৌশল বুঝতে পেরে পুলিশে খবর দেন।

ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী সুনামগঞ্জ জেলার দিরাই চণ্ডিপুর এলাকার বাসিন্দা ছামিরা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন।

মামলার প্রধান আসামিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন। বৃহস্পতিবার সকালে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

নোয়াখালী/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *