মেঘনা নদীতে ট্রলারে ডাকাতি, ১৫ জেলেকে অপহরণ

নিউজ ডেস্ক: ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে ১৫টি মাছ ধরার ট্রলারে ডাকাতি করে ১৫ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত চর জহিরউদ্দিন ও চর মোজাম্মল এলাকার পূর্ব মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেদের প্রত্যেকের কাছে ৫০ হাজার টাকা দাবি করেছে জলদস্যুরা। তারা ১৫টি ট্রলারে হামলা চালিয়ে শতাধিক জেলেকে নদীতে ফেলে দেয়। এ সময় ট্রলারের জাল, মাছ, মুঠোফোন ও টাকা লুট করা হয়। নদীতে ফেলে দেয়া জেলেরা সাঁতরে ও অন্য ট্রলারের সাহায্যে আজ শুক্রবার বিকেলে ঘাটে ফিরে এসব তথ্য জানান।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জেলেদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, জেলেরা মেঘনা নদীতে জাল ফেলে অপেক্ষা করছিলেন। এ সময় জেলেদের অনেকে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমন্ত জেলেদের মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে প্রথমে পিটিয়ে জেলেদের নদীতে ফেলে দেয় জলদস্যু বাহিনী। এ সময় অনেক জেলে ভয়ে নদীতে ঝাঁপ দেন। এ সময় জলদস্যুরা ট্রলারে থাকা মালামাল লুট করার পাশাপাশি প্রতিটি ট্রলারের মাঝিকে অপহরণ করে তাদের নৌকায় ওঠায়। যাওয়ার সময় দস্যুরা রেখে যাওয়া জেলেদের হাতে মুঠোফোন নম্বর দিয়ে যায়।

হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শরিফুল ইসলাম বলেন, আড়তদার ও জেলেদের মাধ্যমে ১৫ মাছ ধরার ট্রলারে ডাকাতি ও ১৫ জেলেকে অপহরণের খবর শুনেছেন। তাদের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

অপহরণ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ