সম্মেলনের দিনে বিএনপিকে গণমিছিল না করার আহ্বান ওবায়দুল কাদেরের

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সম্মেলনের দিন রাজধানীতে বিএনপিকে গণমিছিল না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা থেকে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামী ২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ওইদিন গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এটি উসকানি বা সংঘাত চাওয়ার শামিল। সংঘাত পরিহার করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সম্মেলনের দিন বিএনপির গণমিছিল করা মানে সংঘাত সৃষ্টি করতে চাওয়া। ২৪ ডিসেম্বর সারাদেশ থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢাকায় আসবেন। তাই ওইদিন বিএনপি গণমিছিল করলে সমস্যা হতে পারে। প্রয়োজনে ঢাকার বাইরে গিয়ে গণমিছিল করুক বিএনপি।

১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশে ৭ মার্চের চেয়ে বেশি লোক হয়েছে বিএনপি নেতাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা পাগল হয়ে গেছেন। ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ ছিল সুপার ফ্লপ। সেদিন সারাদেশের সব ওয়ার্ড, থানা ও পাড়া-মহল্লায় আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল। যাতে করে দেশের মধ্যে কোনও বিশৃঙ্খলা করতে না পারে বিএনপি।

তিনি বলেন, বিএনপির ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু দেখছি না। সব পুরোনো কথা। বিএনপির দাবি জনগণের কাছেও কোনও দাম নেই। কারণ জনগণ বাঁচতে চায়। বাংলাদেশের প্রবৃদ্ধি আবার বাড়তে শুরু করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যা চেয়েছে তার কিছু করতে পারেনি। বিএনপি বলছিল-১০ ডিসেম্বর সরকারকে লালকার্ড দেখাবে, কিন্তু জনগণ তাদের লালকার্ড দেখিয়েছে।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *