প্রয়োজন পাড়ায় পাড়ায় সংস্কৃতি চর্চা আর দেশজুড়ে সাংস্কৃতিক আন্দোলন

নিউজ ডেস্ক: দেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের লালন ও বিকাশে পাড়ায় পাড়ায় সংস্কৃতি চর্চা আর দেশজুড়ে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিসিআরএ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিসিআরএ এওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিসিআরএ সভাপতি অভি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল খান।

হাছান মাহমুদ বলেন, আমাদের ছাত্রাবস্থায় কোনও ছাত্র সংগঠনের অনুষ্ঠানে বাংলা গান ছাড়া অন্য ভাষার গান বাজতো না। ইংরেজি ও অন্যান্য ভাষার গান মানুষ শুনতো কিন্তু উৎসব পার্বণে ছিল বাংলা। আজ আর তেমনটা নয়। আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে কতটা ত্যাগ, কতটা রক্ত দিয়ে আমরা ভাষার অধিকার অর্জন করেছি। স্বাধীন দেশ রচনা করেছি। এ জন্য পাড়ায় পাড়ায় সংস্কৃতি চর্চা আর দেশজুড়ে সাংস্কৃতিক আন্দোলন গড়তে হবে।

দেশে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই সিনেমা হল নির্মাণ ও সংস্কারে এক হাজার কোটি টাকার সহজ ঋণ তহবিল গঠন করা হয়েছে জানান তথ্যমন্ত্রী। বলেন, করোনার মধ্যে যখন স্বল্প সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে, তখনও আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছি। এ শিল্প ও শিল্পে কর্মরতদের উৎসাহ দেয়ার জন্য।

ইতোমধ্যে হলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আগামী দুই বছরের মধ্যে দেশের সিনেমা শিল্প ঘুরে দাঁড়াবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, মেধাবী শিল্পী কলাকুশলী সাথে নিয়ে আমাদের লক্ষ্য বিশ্ব চলচ্চিত্র বাজারে আরও মর্যাদার আসন।

অনুষ্ঠানে চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডাক্তার শারফুদ্দিন আহমেদ, সংগীতে শেখ সাদী খান, চলচ্চিত্রে কাজী হায়াৎ ও মঞ্চ-টিভিতে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুকে আজীবন সম্মাননাসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অর্ধশতাধিক নির্বাচিত জনের হাতে বিসিআরএ এওয়ার্ড ২০২২ তুলে দেন ডক্টর হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *