সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ২০২৩ সালেও এগিয়ে যাবে বাংলাদেশ

নিউজ ডেস্ক: রাজনৈতিক, বৈশ্বিক সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ২০২৩ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

রোববার সন্ধ্যায় রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তৃতা শেষে নতুন বছরে আওয়ামী লীগের চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর খোন্দকার।

হাছান মাহমুদ বলেন, পলিটিক্স অব কনফ্রনটেশন এবং পলিটিক্স অব ডিনায়াল, যেটি বিএনপি এবং তার মিত্ররা চর্চা করে। সেই সাংঘর্ষিক ও নেতিবাচক রাজনীতির চ্যালেঞ্জসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সংকটময় বিশ্ব পরিস্থিতির মধ্যে, করোনা মহামারিতে থমকে যাওয়া বিশ্ব পরিস্থিতির মধ্যে গত দু’বছর যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। আর এ বছর ২০২৩ সালেও ইনশাআল্লাহ তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ফেলে আসা ২০২২ সালে একদিকে করোনা মহামারি আরেকদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বিশ্বমন্দা ও সংকটের মধ্যেই আমাদের দেশে পদ্মাসেতু এবং ঢাকায় মেট্রোরেলের উদ্বোধন হয়েছে। সারাদেশের মানুষ আনন্দে উদ্বেলিত হয়েছে। পদ্মাসেতুর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতবর্ষ এমনকি পাকিস্তানও অভিনন্দন জানিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের রাজপথের বিরোধী দল বিএনপি অভিনন্দন জানাতে ব্যর্থ হয়েছে। এটি তাদের রাজনৈতিক দৈন্য।

মন্ত্রী বলেন, আমাদের স্বপ্ন ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তর করা। সে জন্য বস্তুগত উন্নয়নের পাশাপাশি মানবিকতা ও মনুষ্যত্বের উন্নয়ন, মেধা, মনন, দেশাত্মবোধের সমন্বয় ঘটিয়ে সমস্ত সংকট-প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়াই আমাদের প্রত্যয়।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *