আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর মাদক সম্রাট হুয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের ছেলে ওভিদিও গুজম্যান লোপেজের গ্রেফতারকে কেন্দ্র করে সিনালোয়া রাজ্যে সহিংসতায় ২৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৯ জন অপরাধী দলের ও ১০ জন সামরিক বাহিনীর সদস্য। তবে এতে কোনও বেসামরিকের মৃত্যু হয়নি।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল এসব তথ্য জানান। খবর: দ্য গার্ডিয়ান।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সকালে মেক্সিকোর মাদক চক্রের প্রধান গুজম্যান লোপেজকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় কয়েক ঘণ্টা ধরে অস্থিরতা ও অপরাধী দলের সদস্যদের সাথে গোলাগুলি চলে।
প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, গ্রেফতারের পর যে বাড়ি থেকে লোপেজকে আটক করা হয়েছে সেখান থেকে হেলিকপ্টার যোগে তাকে রাজধানী মেক্সিকো সিটিতে উড়িয়ে নেয়া হয়। তারপর তাকে একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে রাখা হয়।
এই গ্রেফতারের জেরে প্রভাবশালী সিনালোয়া কার্টেল (মাদক অপরাধীদের চক্র) ব্যাপক তাণ্ডব শুরু করে। চক্রটির সদস্যরা যানবাহনে আগুন ধরিয়ে দেয়, রাস্তা অবরোধ করে এবং সিনালোয়ার প্রধান শহর কুলিয়াকানে ও এর আশপাশে নিরাপত্তা বাহিনীর সাথে লড়াই শুরু করে।
লোপেজের বাবা সিনালোয়া কার্টেলের সাবেক প্রধান ‘এল চাপো’ গুজম্যানকে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হয়েছিল। সেখানে বিচারের পর এখন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন তিনি।
কয়েক বছর ধরে লোপেজকেও তাদের হাতে তুলে দেয়ার জন্য বলছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২১ সালে ‘কেউ তথ্য দিয়ে’ গুজম্যান লোপেজকে গ্রেফতারে সহায়তা করলে ৫০ লাখ ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিল।
প্রতিরক্ষামন্ত্রী সান্দোভাল জানিয়েছেন, সর্বসাধারণের নিরাপত্তার জন্য সিনালোয়াতে বর্ধিত নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখা হবে এবং সেখানে অতিরিক্ত আরও এক হাজার সামরিক সদস্যকে পাঠানো হবে।
মেক্সিকো/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply