কর্মী থেকে নেতা মোসলেম উদ্দিন নেতৃত্বের প্রতি অবিচল আনুগত্যের দৃষ্টান্ত

নিউজ ডেস্ক: সদ্যপ্রয়াত সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদকে কর্মী থেকে নেতা হওয়া এবং নেতৃত্বের প্রতি অবিচল থাকার অনুসরণীয় দৃষ্টান্ত বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। বলেন, এক-এগারোর পট পরিবর্তনের পর যে প্রান্তিক নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছিলেন, তার মধ্যে মোসলেম উদ্দিনও ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সদ্যপ্রয়াত সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের জানাযা শেষে তিনি এসব কথা বলেন।

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রামের সামশুল হক চৌধুরী, এ বি এম ফজলে করিম চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যরা প্রয়াতের শেষকৃত্যে অংশ নেন।

প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাছান মাহমুদ বলেন, আমরা এমন একজন নেতা হারিয়েছি যার সাথে আমাদের দীর্ঘ কয়েক দশকের সম্পর্ক। তার জীবন থেকে অনেক শিক্ষণীয় আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কিভাবে কর্মী থেকে নেতা হওয়া যায়, কর্মীদের সাথে কিভাবে সার্বক্ষণিক থাকা যায় এবং নেত্রী ও  নেতৃত্বের প্রতি কিভাবে অবিচল থাকা যায়, সেটি তার কাছ থেকে শেখার আছে।

ইতিহাসের দিকে তাকিয়ে ডক্টর হাছান বলেন, মোসলেম উদ্দিন আহমেদ আমাদের দলের একজন পোড়খাওয়া কর্মী ছিলেন। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তিনি এবং এ বি এম মহিউদ্দিন চৌধুরী এক সাথে পাকিস্তানিদের হাতে ধরা পড়েছিলেন ও পরে পাগলের অভিনয় করে মুক্তি লাভ করেন।

ডক্টর হাছান বলেন, তার জীবন কর্মী থেকে নেতা হওয়ার জীবন। তখন চট্টগ্রাম শহর ছাত্রলীগ ছিল, মোসলেম উদ্দিন চট্টগ্রাম শহর ছাত্রলীগের সভাপতি ছিলেন, এরপর তিনি যুবলীগের সভাপতি হন। তারপর তাকে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। দীর্ঘ দুই দশক তিনি সেই দায়িত্ব পালন করেন এবং শেষে এক দশকের বেশি সময় তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদ রোববার দিবাগত রাত ১২টা ৪৭ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *