আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর: বিবিসি।

বেইজিং জানিয়েছে, আগামী ২০ থেকে ২২ মার্চ পুতিনের আমন্ত্রণে মস্কোতে অবস্থান করবেন প্রেসিডেন্ট শি জিনপিং। তারা আরও জানিয়েছে, এ বৈঠকে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ চুক্তিও হতে পারে।

শুক্রবার এক ট্যুইটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং জানান, শি জিনপিংয়ের এ বৈঠকটি হবে বন্ধুত্ব এবং শান্তির জন্য।

তিনি বলেন, কোনও জোট নয়, কোনও শত্রুতা নয় এবং তৃতীয় পক্ষের ওপর কোনও আক্রমণ না করার ভিত্তিতে চীন এবং রাশিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে গণতন্ত্রের প্রচার করে যাচ্ছে।

বেইজিংয়ের এই কূটনীতিক আরও জানিয়েছেন, ইউক্রেন ইস্যু নিয়ে চীন তার ‘লক্ষ্য এবং ন্যায্য অবস্থান’ ধরে রাখবে এবং ‘শান্তি আলোচনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ১২ দফার একটি শান্তি প্রস্তাব দেয় চীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ প্রস্তাবকে স্বাগত জানান। এরপর তিনি জানান, শান্তি প্রস্তাব নিয়ে তিনি প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সাথে বৈঠক করতে চান।

চীন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ