বান্দরবানে সেনাবাহিনীর সহায়তায় খাবার সামগ্রি বিতরণ

বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন দূর্গম এলাকায় বেসামরিক প্রশাসনের অনুরোধে ৩৬০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্য সরকারি সহায়তা পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান জেলার রুমা ও থানচি উপজেলার কয়েকটি ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারি সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছিলো না। ফলে বান্দরবান জেলা প্রশাসন এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ওই সব এলাকায় সহায়তা পৌঁছে দেয়ার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চায়।

আইএসপিআর-এর সহকারি পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গম এলাকার অসহায় মানুষদের সহায়তা করতে বৃহস্পতিবার সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সহযোগিতায় আর্মি অ্যাভিয়েশন-এর একটি হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়া হয়।

উল্লেখ্য, এ সব সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ ও সাবান। এ সকল পণ্য বান্দরবান জেলার রুমা উপজেলা এবং থানচি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ম্রো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৬০টি পরিবারের মাঝে স্থানীয় হেডম্যান, কারবারি ও জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়। এ সময় বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডারসহ স্থানীয় হেডম্যান এবং ওই সকল পাড়ার কারবারিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *