নিউজ ডেস্ক: দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ বিশ্বে উদাহরণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে দারিদ্র্যমোচনে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। চরম দারিদ্র্যের হার ছয় ভাগেরও নিচে নেমে এসেছে। এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে অতি দরিদ্রদের জন্য ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পিকেএসএফের প্রকল্পের উদ্বোধনী ওয়ার্কশপে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত সরকার দেশের কৃষক ও কৃষির উন্নয়নে কিছুই করে নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক ও সাধারণ মানুষের উন্নয়নে কোন আপোস করেননি। বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে কৃষিখাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছেন। করোনা পরিস্থিতি ও অর্থনৈতিক মন্দার মধ্যেও গতবছর সারে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছেন। যা পৃথিবীতে বিরল।
তিনি বলেন, কৃষিখাতে বিশাল ভর্তুকি ও সহযোগিতার ফলেই ১৭ কোটি মানুষের খাদ্য দেশে উৎপাদন করা যাচ্ছে। অন্যথায় প্রতিবছর চাল আমদানি করেই বৈদেশিক মুদ্রার রিজার্ভের সিংহভাগ খরচ হয়ে যেতো।
তিনি বলেন, উপকূল, হাওর, চরাঞ্চলসহ প্রতিকূল এলাকায় এখনও জাতীয় গড়ের চেয়ে বেশি দারিদ্র্য রয়েছে। এসব প্রতিকূল এলাকায় ফসল ফলানো খুবই কঠিন ও ঝুঁকিপূর্ণ। সেজন্য এসব প্রতিকূল এলাকায় ফসল উৎপাদনে সরকার খুবই গুরুত্ব দিচ্ছে। ইইউ-পিকেএসএফের প্রকল্প এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক নমিতা হালদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ, রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন চার্লস হুইটলি, প্রকল্পের পরিচালক শরীফ আহমেদ চৌধুরীসহ অন্যরা বক্তব্য রাখেন।
কৃষিমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply