আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্রান্দে দো সুল রাজ্যে গত শুক্রবার ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। রাজ্য কর্তৃপক্ষ নিহত হওয়ার এ সংখ্যা প্রকাশ করেছে। এছাড়াও আরও ২০ জন নিখোঁজ রয়েছেন বলেও জানায় রাজ্য কর্তৃপক্ষ।
রিও গ্রান্দে দো সুল রাজ্য সরকারের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে মুষলধারে বৃষ্টি হচ্ছে। নিখোঁজ ২০ জনের সন্ধান পেতে হেলিকপ্টার দিয়ে অভিযান চালানো হচ্ছে।
ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়া শহরগুলোর একটি কারা শহর। এ শহরটিতে আট হাজারের বেশি মানুষের বসবাস।
রিও গ্রান্দে দো সুলের গভর্নর এদুয়ার্দো লেইতে দুর্গত এলাকাটি পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘কারা এলাকার পরিস্থিতি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমাদের পরিকল্পিতভাবে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করতে হবে এবং কোন মানুষদের সহযোগিতা প্রয়োজন, তা শনাক্ত করতে হবে।
কর্তৃপক্ষ বলছে, গত শুক্রবার রাত নাগাদ পূবাঞ্চলীয় উপকূলের ম্যাকুয়িন পৌর এলাকায় প্রায় এক ফুট পরিমাণ বৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত শহরগুলোর অনেক বাসিন্দা তাদের নিজ নিজ এলাকার ক্রীড়াকেন্দ্রগুলোয় আশ্রয় নিয়েছে। কয়েকটি এলাকায় ভূমিধস হতে পারে উল্লেখ করে কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।
রিও গ্রান্দে দো সুলের গভর্নর এদুয়ার্দো লেইতে বলেন, কর্তৃপক্ষ গত দুই দিনে ২ হাজার ৪০০ মানুষকে উদ্ধার করেছে।
এদুয়ার্দো লেইতে বলেন, এ মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হলো মানুষের জীবন বাঁচানো। আমরা আটকে পড়া মানুষদের উদ্ধার করছি, নিখোঁজ মানুষদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা দিচ্ছি।
ব্রাজিল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply