নিউজ ডেস্ক: ঈদের ছুটিতে যারা ঢাকা ছাড়বেন, তাদের নগদ টাকা ও গয়না ব্যাংক বা আত্মীয়ের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করা, ঈদ জামাত, ঈদ-পরবর্তী সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত সমন্বয় সভায় ডিএমপি কমিশনার সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার গোলাম ফারুক বলেন, ফাঁকা ঢাকাতে যাতে চুরি-ডাকাতি না হয়, সে জন্য ব্যবস্থা নেব। ঢাকাবাসীর প্রতি অনুরোধ করব, আপনারা যখন চার-পাঁচ দিনের জন্য বাসা ফাঁকা রেখে গ্রামের বাড়িতে যাবেন, তখন দয়া করে মূল্যবান বস্তু, অর্থাৎ নগদ টাকা এবং গয়না খালি বাসায় না রেখে ব্যাংকে রাখেন। এটা না হলে নিকটাত্মীয় বা বন্ধুবান্ধব বা যারা থাকবেন, তাদের কাছে জমা রেখে যাবেন। ফাঁকা বাসায় কোনও দুষ্কৃতকারী যদি ঢোকে, তাহলে মূল্যবান বস্তু চুরির ভয় থাকবে না।
প্রতিটি বাসায় যারা পাহারার দায়িত্বে থাকেন, তাদের নম্বর পুলিশ নিয়ে আসবে এবং পুলিশের নম্বর তাদের দিয়ে আসা হবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরাগুলো সচল আছে কি না, তা চেক করা হবে। আমাদের কমান্ড কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে।
সভায় ডিএমপি কমিশনার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে ডিএমপির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। প্রতিটা টার্মিনালে পুলিশ ক্যাম্প থাকবে, মালিক সমিতির স্বেচ্ছাসেবক থাকবেন। ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ (মনিটর) করে যাত্রী ও যানবাহনের সার্বিক নিরাপত্তা বিধান এবং যানজট নিরসনে কাজ করবে পুলিশ। মহাসড়কে শৃঙ্খলা রক্ষার স্বার্থে ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে কাভার্ড ভ্যান না চালানোর জন্য বাংলাদেশ কাভার্ড ভ্যান মালিক সমিতিকে তিনি অনুরোধ জানান।
কোনও অবস্থায়ই যাত্রীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, সে ব্যাপারে গণপরিবহনের মালিকদের পাশাপাশি পুলিশ মনিটর করবে বলে জানান গোলাম ফারুক।
ডিএমপি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply