সদরঘাটসহ সব নৌ টার্মিনালে প্রবেশ ফি নেয়া বন্ধে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক: সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশের সময় ১০ টাকা ফি নেয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ শওকত আলী চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

নৌপরিবহন সচিব, স্থানীয় সরকার সচিব, বিআইডব্লিউটি-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোকছেদ আলী ও সারোয়ার আলম।

বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মোকছেদ আলী বলেন, সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশের সময় শিশু, বৃদ্ধ, ছাত্রসহ সব শ্রেণির নাগরিকদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হয়।

তিনি বলেন, যেহেতু বিমানবন্দর, রেলস্টেশন এবং বাস টার্মিনালে প্রবেশের জন্য কোনও এন্ট্রি ফি নেয়া হয় না। সেহেতু আমরা মনে করি, এটা একটা নীরব চাঁদাবাজি। এ কারণে সদরঘাটসহ দেশের সব নৌ-বন্দরে প্রবেশের সময় ১০ টাকা এন্ট্রি ফি নেয়া বন্ধে কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়।

গত ২৫ জুন সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশের সময় ১০ টাকা ফি নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী জাহাঙ্গীর হোসেন।

নৌ-বন্দর/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ