আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু তার দেশ থেকে সেনা প্রত্যাহারে ভারতকে অনুরোধ করেছেন।
গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন মুইজ্জু। গত শুক্রবার তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
মুইজ্জুর শপথ গ্রহণ অনুষ্ঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তার বদলে এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন দেশটির ধরিত্রীবিজ্ঞানমন্ত্রী কিরেন রিজিজু।
মালদ্বীপে প্রায় ৭৫ সদস্যের ভারতীয় সেনার উপস্থিতি রয়েছে। মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা সরানোর বিষয়ে মুইজ্জু নির্বাচনী প্রতিশ্রুতি দেন।
ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে প্রভাব বিস্তারের জন্য ভারত ও চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।
গতকাল শনিবার মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, সেনা প্রত্যাহারের বিষয়ে ভারতের কাছে অনুরোধ জানাতে মালদ্বীপের জনগণ তাকে (মুইজ্জু) ক্ষমতা দিয়েছে। তাই তিনি আশা করছেন, মালদ্বীপের জনগণের গণতান্ত্রিক ইচ্ছাকে ভারত সম্মান করবে।
মালদ্বীপের প্রেসিডেন্টের এই অনুরোধের বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল রয়টার্স। কিন্তু তারা তাৎক্ষণিকভাবে কোনও জবাব দেয়নি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে মুইজ্জু বলেছিলেন, তার দেশের মাটিতে কোনও বিদেশি সামরিক উপস্থিতি না থাকার বিষয়টি তিনি নিশ্চিত করবেন।
মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, সেনা প্রত্যাহারের জন্য ভারতীয় মন্ত্রী কিরেন রিজিজুকে অনুরোধ করেছেন মুইজ্জু।
ভারতের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, অব্যাহত সহযোগিতার জন্য কার্যকর সমাধান নিয়ে উভয় দেশের সরকার আলোচনা করবে। তবে মালদ্বীপ থেকে ভারত তার সেনা ফিরিয়ে নেবে কি না, তা স্পষ্ট করেননি এই কর্মকর্তা।
মালদ্বীপ/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














