স্পোর্টস ডেস্ক: একটা সময় ইউরোপের ফুটবল মানেই ছিল মেসি-রোনালদো। দুজনে মিলে দেড় দশক ধরে শাসন করেছেন ফুটবল বিশ্ব। তাদের দ্বৈরথ দেখে বড় হয়েছে একাধিক প্রজন্ম। ইউরোপ ছেড়ে দুজনেই এখন পৃথীবির দুই প্রান্তের বাসিন্দা। যুক্তরাষ্ট্রে লিওনেল মেসি আর রোনালদো সৌদি আরবে। তাই তাদের দ্বৈরথটাও এখন আর দেখা যায় না। তবে আরও একবার চিরপ্রতিদ্বন্দ্বী দুই কিংবদন্তির দ্বৈরথ দেখতে পারবে ফুটবল সমর্থকেরা।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের পয়লা ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি।
প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। প্রাক-মৌসুম প্রস্তুতিতে ক্লাবটি সফর করবে সৌদি আরবে। অংশ নেবে রিয়াদ সিজন কাপের দুটি ম্যাচে। যার একটি রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে, সৌদির রাজধানী রিয়াদের কিংডম অ্যারেনায় ১ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ১২টায়।
ইন্টার মায়ামি জানিয়েছে, আল নাসেরের সাথে ম্যাচের আগে ২৯ জানুয়ারি সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের বিপক্ষে একটি ম্যাচ খেলবে মায়ামি। নেইমারদের আল হিলালের বিপক্ষে মেসি-বুসকেটসরা খেলবেন রিয়াদের কিংডম অ্যারেনায়। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচ। চোটাক্রান্ত ব্রাজিলীয় তারকা নেইমারের সেদিন খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
ইন্টার মায়ামির ক্রীড়া পরিচালক ক্রিস হেন্ডারসন বলেছেন, এই ম্যাচগুলো আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা আমাদের নতুন মৌসুমে উপকৃত করবে। আল হিলাল এবং আল নাসেরের মতো দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা আনন্দিত এবং ম্যাচে অংশগ্রহণের জন্য মুখিয়ে আছি।
সবশেষ গত জানুয়ারিতে রিয়াদ অলস্টার ও পিএসজির মধ্যকার ম্যাচে মুখোমুখি হয়েছিলেন মেসি-রোনালদো। জাতীয় দল এবং ক্লাব সব মিলিয়ে মোট ৩৫ বার মেসি-রোনালদো দ্বৈরথ দেখেছিল ফুটবলপ্রেমীরা। এর মধ্যে ১৬ বার জিতেছে মেসির দল। অপরদিকে ১০টিতে জিতেছে রোনালদোর দল। আর বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছিল।
ফুটবল/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply