আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় গাড়িতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
শনিবার তুরস্ক সীমান্তের কাছে অবস্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার শহর আজাজের একটি ব্যস্ত বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের বরাত দিয়ে রোববারের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।
ঘটনার সময় পরিবারের সাথে কেনাকাটা করতে বিস্ফোরণের স্থানের কাছে ছিলেন ইয়াসিন শালাবি নামের এক ব্যক্তি। ক্রেতাদের প্রচণ্ড ভিড়ের মধ্যে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
যদিও তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।
তবে রয়টার্স জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী এবং তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত আরব-জনবহুল এই শহরটিতে দুই বছর আগে সবশেষ এ ধরনের গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এর পর থেকে শহরটি তুলনামূলকভাবে শান্তই ছিল।
যদিও সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকার প্রধান শহরগুলোতে বেসামরিক জনবহুল এলাকায় ঘন ঘন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রধানত আরব জনসংখ্যায় পূর্ণ বিদ্রোহী-নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমের বাসিন্দা এবং বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে কুর্দি নেতৃত্বাধীন ওয়াইপিজিকে এ ধরনের হামলার জন্য সন্দেহ করে আসছে বলেও জানিয়েছে রয়টার্স।
তবে সিরিয়ার অনেকে এ ধরনের হামলার জন্য প্রেসিডেন্ট আসাদের অনুগত দলগুলোকে দায়ী করে থাকে।
সিরিয়া/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply