ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ নিহত ১৪

নিউজ ডেস্ক: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের কানাইপুর তেতুলতলা নামক স্থানে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন ও হাসপাতালে নেয়ার পর আরও তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও চারজন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রাকান্দা গ্রামের ফরিদ মাস্টার, তার মেয়ে, তার ভাই, ভাইয়ের স্ত্রী ও সন্তানসহ পাঁচজন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতেরা সবাই পিকআপের যাত্রী। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঈদ শেষে তারা পিকআপে করে ঢাকায় ফিরছিলেন।

জানা যায়, নিহতদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছত্রাকান্দা গ্রামে এবং আলফাডাঙ্গা উপজেলায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীবাহী বাসটি ফরিদপুর থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল। আর পিকআপটি ঈদের ছুটি শেষে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিলেন।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের ফরিদপুর বিএসএমএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। দুর্ঘটনায় ফরিদপুর-যশোর মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে সব নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের সদস্যরা। এ নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ইতোমধ্যে নিহতদের পরিবারকে অর্থ সহযোগিতা করার ঘোষণা দিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন।

সড়ক দুর্ঘটনা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *