আন্তর্জাতিক ডেস্ক: ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে ইংল্যান্ড পৌঁছানোর চেষ্টারত একটি অভিবাসীবাহী নৌকা ডুবে আটজন মারা গেছেন।
পাস-ডি-ক্যালে অঞ্চলের প্রিফেক্ট জ্যাক বিলান্ট জানিয়েছেন, এ বছর এখন পর্যন্ত ফ্রান্সের উপকূল থেকে চ্যানেল অতিক্রম করে ইংল্যান্ড পৌঁছাতে গিয়ে মৃত্যুর সংখ্যা ৪৬ এ পৌঁছেছে।
বিলান্ট বলেন, উদ্ধারকারী কর্মীদের সতর্ক করা হয়েছিল যে ৫৯ জন যাত্রী নিয়ে একটি নৌকা পাস-ডি-ক্যালে এলাকার আব্লোতোস উপকূলে দুর্দশায় পড়েছে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আটজনের মৃত্যুতে শোক প্রকাশ করছি। দুর্দশাগ্রস্ত নৌযানটি খুব দ্রুতই সংকটে পড়ে এবং পাথরের ওপর আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায়।
নৌকায় থাকা অপর ৫১ জনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। বেঁচে যাওয়া যাত্রীরা ইরিত্রিয়া, সুদান, সিরিয়া, মিশর, ইরান এবং আফগানিস্তান থেকে এসেছেন বলে জানিয়েছেন বিলান্ট।
বিলান্টের মতে, হাইপোথার্মিয়ায় আক্রান্ত ১০ মাস বয়সি এক শিশুসহ ছয়জনকে ‘জরুরি অবস্থা’ বিবেচনায় হাসপাতালে নেয়া হয়েছে।
প্রবল স্রোতের ফলে ইংলিশ চ্যানেল বেশ বিপজ্জনক হয়ে উঠেছে। ছোট নৌকাগুলো এর ফলে নিয়মিতই বড় ঝুঁকির মধ্যে পড়ছে। তারপরেও নিজ দেশে যুদ্ধ বা দারিদ্র্য থেকে পালিয়ে আসা বহু মানুষ নিয়মিতই জীবনের ঝুঁকি নিয়েই ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিচ্ছেন।
নৌকাডুবি/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply