সাগরে ৪ নম্বর সংকেত

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২০ (আর্ট নিউজ): উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি অবস্থানরত গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে চার নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

শুক্রবার সকাল ৬ টায় আবহাওয়া অধিদফতরের দেয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুটের বেশি উচ্চতায় বাতাসের তোড়ে জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। একই সম্ভাবনা রয়েছে জেলাগুলোর এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চলের ক্ষেত্রেও।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপটি আরো উত্তর পূব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপূব দিকে এগিয়ে যেতে পারে।

এদিকে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সে সাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

সংকেত/এএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *