মারা গেছেন শাহাদাত হোসেন

২৯ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সরোদবাদক ওস্তাদ শাহাদাত হোসেন খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।

গতকাল (শনিবার) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

মামুনুর রশীদ জানান, শাহাদাত হোসেনকে মিরপুর বুদ্ধিজীবী করস্থানে তার বাবার কবরের পাশে দাফনের কথা ভাবছে পরিবার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। তাই কখন দাফন হবে, তা ঠিক হয়নি।জানা গেছে, করোনায় আক্রান্ত হলে ১২ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহাদাত হোসেন। প্রথমে কিছুটা সুস্থ হলেও পরে আবার তার সাস্থের অবনতি হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তার মৃত্যু হয়।

শাহাদাত হোসেন খান ১৯৫৮ সালের ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ওস্তাদ আবেদ হোসেন খান একজন প্রখ্যাত উচ্চাঙ্গসংগীতশিল্পী ও সেতারবাদক।সাত বছর বয়সে বাবার কাছে শাহাদাত হোসেনের তবলা ও সরোদের হাতেখড়ি হয়। পরে তিনি তার চাচা বাহাদুর হোসেন খানের কাছে সরোদের তালিম গ্রহণ করেন।

১৯৭২ সালে আলাউদ্দিন সংগীত সম্মেলনে বাহাদুর হোসেনের সাথে যুগলবন্দী হয়ে সরোদ পরিবেশন করেন। ১৯৮১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে ১৯৮৫ সালে ক্যালিফোর্নিয়ার আলী আকবর কলেজ অব মিউজিক থেকে সংগীত বিষয়ে স্নাতক সমমানের ‘বাদ্যালংকার’ ডিগ্রি লাভ করেন।

শাহাদাত হোসেন কয়েকটি প্রতিষ্ঠানের সংগীতের শিক্ষক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নানা সময়ে। তিনি সরকারি সংগীত কলেজের ডেমোনেস্ট্রেশন-কাম-লেকচারার, সংগীতবিষয়ক বক্তা ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ১৯৯৩ ও ১৯৯৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উচ্চতর প্রশিক্ষণ কোর্সে সেতার, সরোদ, বেহালা, বাঁশি ও গিটারের প্রশিক্ষক এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সংগীত একাডেমিতে কণ্ঠ ও যন্ত্রসংগীতের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। শাহাদাত হোসেন ‘মৃত্যুহীন প্রাণ’ ও ‘মিট বাংলাদেশ’ নামক দুটি প্রামাণ্যচিত্রের সংগীত পরিচালনা করেছেন।

২০০০ সালে যুক্তরাজ্য থেকে একটি সিডি প্রকাশিত হয়। পরে সেখান থেকে আরেকটি এবং বাংলাদেশ থেকে তিনটি সিডি ও ক্যাসেট প্রকাশিত হয়, যার মধ্যে ‘রিপলস ইন মেডোস’ সিডিটি প্রকাশিত হয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

শাহাদাত হোসেনের দুই যমজ মেয়ে আফসানা খান সেতারবাদক ও রুখসানা খান সরোদবাদক। সংগীতে অবদানের জন্য শাহাদাত হোসেন ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *