০১ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লানকভিচ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি ভাল অনুভব করছেন।
সোমবার ক্রোয়েশিয়ার মন্ত্রিপরিষদ এ কথা জানিয়েছে।
এদিকে, দেশটিতে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে মৃত্যু সংখ্যার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭৪ জন। খবর এএফপি’র।
প্লানকভিচের স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৫০ বছর বয়সী এ প্রধানমন্ত্রী দু’দিন আগে সেলফ আইসোলেশনে আছেন।
ক্রোয়েশিয়ার রক্ষণশীল এইচ ডি জেড দলের প্রধান প্লানকোভিচ। তিনি ২০১৬ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
মন্ত্রিপরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী প্রাথমিক পরীক্ষায় নেগেটিভ হলেও সোমবার নতুন করে করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হয়েছেন। তিনি ১০ দিন আলাদা থাকবেন।
মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী এখন ভালো অনুভব করছেন। তিনি বাসভবন থেকেই তার দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন এবং তিনি চিকিৎসক ও মহামারি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলছেন।
ক্রোয়েশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের হার ব্যাপকভাবে নিয়ন্ত্রণে আনা হলেও গত কয়েক সপ্তাহে দেশটিতে আক্রান্তের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে।
৪২ লাখ জনসংখ্যার দেশটিতে বর্তমানে প্রায় ২ হাজার ৩শ’ কোভিড রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
ক্রোয়েশিয়া/এসকেএম















