৫ ডিসেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রে পরপর দ্বিতীয় দিনের মতো ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ দিন দেশটিতে নতুন করে ২ লাখ ২৫ হাজার ২০১ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত বাল্টিমোরভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, একই সময় যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ২ হাজার ৫০৬ জন কোভিড-১৯ রোগে মারা গেছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গেল কয়েক সপ্তাহে আশঙ্কাজনকভাবে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।
দেশটিতে গত মাসে তিন দিন প্রাত্যহিক নতুন আক্রান্ত ২ লাখ অতিক্রম করে। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হন।
কর্তৃপক্ষের বাসায় অবস্থানের আহ্বান উপেক্ষা করে গেল সপ্তাহে থ্যাঙ্কসগিভিং হলিডে উদযাপনে লাখ লাখ মার্কিনী ভ্রমণে বের হন। এ কারণেই করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা।
এদিকে, গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিনের হিসাবে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। মৃত্যুর এই প্রবণতা দেশটিতে ফের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম ঢেউয়ের পর্যায়ে চলে গেছে।
যুক্তরাষ্ট্রে এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত ১ কোটি ৪৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ২ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply