বিএনপি অফিস গুজবের ফ্যাক্টরি

০৭ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি’র নয়া পল্টন অফিস হচ্ছে গুজবের ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরি থেকে আসা অপপ্রচারের বাণীতে খোদ বিএনপি নেতাদের মধ্যেই অবিশ্বাসের দেয়াল তৈরি করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, জেল, জুলুম, নির্যাতন আর রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি’র অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে ব্যর্থ ও পরাজিত হয়ে বিএনপি’র পরাজিত নেতারা এখন শুরু করেছে হাঁকডাক। তাদের মাঠ গরমের অপচেষ্টাও সফল হবে না। পরাজিত প্রার্থীদের রোদনভরা ব্যর্থতার কাহিনী শুনে জনগণের কি লাভ হবে?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের নিজস্ব কোন বক্তব্য নেই। টেমস নদীর পাড় থেকে পাঠানো ফরমায়েসী বার্তা তোতাপাখির মত পড়েন।

মিডিয়ায় আন্দোলনের ঝড় তুললেও বাস্তবে বিএনপি নেতারা রাজপথে থাকেন না। কেউ কেউ মাঠে থাকলেও ফেসবুকে দেয়ার জন্য ছবি তোলেন, এরপর পালনোর পথ খোঁজেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বক্তব্য-বিবৃতিতে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি নেতারা প্রাণ দেয়ার বাসনা ব্যক্ত করলেও তার মুক্তির জন্য ঢাকা শহরে ৫০০ লোকের একটি মিছিলও করতে দেখেনি জণগণ। তারা তাদের নেত্রীর মুক্তি ও চিকিৎসার চেয়ে রাজনীতি করেছে বেশি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের বক্তৃতায় কথামালার ফুলঝুরি ছুটলেও তারা রাজপথকে ভয় পায়। আন্দোলনকে ভয় পায়। এখন তারা জনগণকেও ভয় পায়। জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন ভয়ের বৃত্তে আবর্তিত হচ্ছে।

তিনি বলেন, পাঁচ শত সদস্যের ঢাউস কমিটি থাকা সত্ত্বেও একটি বড় মিছিল যারা করতে পারে না, তাদের মেরুদন্ডের শক্তি সম্পর্কে জনগণ বুঝতে পেরেছে বলেই নির্বাচনে তাদেরকে ভোট দেয় না।

বিএনপি’র কেবলা এখন লন্ডনে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লন্ডনকে খুশি করার জন্যই তারা মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছে।

ওবায়দুল কাদের বলেন, টেমস নদীর তীর থেকে ঘোষণা দিয়ে পদ্মা-মেঘনা-যমুনায় জোয়ার আনা যাবে না। জনবিচ্ছিন্ন এবং নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির ক্ষমতার মসনদে আরোহণের দিবাস্বপ্ন অধরাই থেকে যাবে।

সেতুমন্ত্রী/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *