অনন্য মামুনের ‘মেকআপ’ নিষিদ্ধ

১০ ফেব্রুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): অনন্য মামুন পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ‘মেকআপ’ শিরোনামের সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

মঙ্গলবার সেন্সর বোর্ড সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ছবিটি প্রদর্শন যোগ্য নয় বলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

খসরু বলেন, এটি আমাদের ইন্ডাস্ট্রির সরাসরি বিরুদ্ধের একটি সিনেমা। যার মাধ্যমে সিনেমা শিল্পের মানুষদের খুবই খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। যেটা কখনোই কাম্য নয়। আমি মনে করি এই ছবি প্রদর্শনের অযোগ্য। তাই সেন্সর বোর্ড সদস্যদের সবার সম্মতিক্রমে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে।

খসরু জানান, নির্মাতা অনন্য মামুন চাইলে এই সিদ্ধান্তের বিপরীতে আপিল বিভাগে পুনরায় আবেদন করতে পারবেন।

নির্মাতা অনন্য মামুন জানান, তিনি এখনও নিষিদ্ধ করার লিখিত নোটিশ হাতে পাননি। তবে এমন সিদ্ধান্তের কথা তিনি শুনেছেন। চিঠি হাতে পেলে এ বিষয়ে মন্তব্য ও ব্যবস্থা নেবেন। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান এবং নিপা আহমেদ।

মেকআপ/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *