নির্ধারিত মূল্যে ভোজ্য-তেল বিক্রয় নিশ্চিত করা হবে

১৭ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): নিত্য প্রয়োজনীয় পণ্য বিপণন সংক্রান্ত সরকারি ও ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে গঠিত জাতীয় কমিটি ভোজ্য তেলের যে মূল্য বেঁধে দিয়েছে। সেই মূল্যেই ভোজ্য-তেল বিক্রয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ সিদ্ধান্তের কথা জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমদানি মূল্য ও জাহাজে তেলের পরিবহন খরচসহ সব কিছু বিবেচনায় নিয়ে প্রতি লিটার সয়াবিন (খোলা) মিলগেটে ১০৭ টাকা, পরিবেশক মূল্য ১১০ টাকা এবং খুচরা মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতি লিটার বোতলজাত সয়াবিন মিলগেট মূল্য ১২৩ টাকা, পরিবেশক মূল্য ১২৭ টাকা ও খুচরা বিক্রয় মূল্য ১৩৫ টাকা। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন মিলগেট মূল্য ৫৯০ টাকা, পরিবেশক মূল্য ৬১০ টাকা ও খুচরা বিক্রয় মূল্য ৬৩০ টাকা। প্রতিলিটার পাম সুপার (খোলা) মিলগেট মূল্য ৯৫ টাকা, পরিবেশক মূল্য ৯৮ টাকা ও খুচরা বিক্রয় মূল্য ১০৪ টাকা বেঁধে দেয়া হয়েছে।

টিপু মুনশি বলেন, বর্তমানে তেলের যথেষ্ট মজুদ আছে। এরপরও রমজানকে সামনে রেখে মজুদ বাড়াতে হবে, যাতে কোনভাবে সংকট তৈরি না হয়। এ জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। এছাড়া নিয়মিত সভা করে আন্তর্জাতিক মূল্যের সাথে সামঞ্জস্য রেখে ভোজ্য তেলের মূল্য পুনঃ নির্ধারণ করা হবে।

বাণিজ্য সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, বিএফটিআই পরিচালক মোহাম্মদ ওবায়দুল আজম, বাংলাদেশ ট্রেড এন্ড টেরিফ কমিশনের সদস্য (বাণিজ্যনীতি) আবু রায়হান আলবেরুনী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ সফিউল আফসার তাজলিম, সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী এবং এস আলম গ্রুপের সিনিয়র মহা-ব্যবস্থাপক কাজী সালাহ উদ্দিন আহমেদ।

বাণিজ্যমন্ত্রী/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *