অনুপস্থিত পুলিশরা কাজে যোগ দিতে পারবেন না

নিউজ ডেস্ক: যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগদান করেনি, তাদের আর যোগদান করতে দেয়া হবে না। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

গত ০১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত সময়ে কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিষয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি এসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

বুধবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তা এবং ২৫তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহিদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কাজে যোগদান করেনি এমন পুলিশ সদস্যের সংখ্যা খুবই নগণ্য। মূলতঃ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত পুলিশ সদস্যরাই কর্মস্থলে যোগদান করেনি। তিনি বেআইনি কর্মকাণ্ডের সাথে যুক্ত এসব পুলিশ সদস্যদের ধরে আইনের আওতায় নিয়ে আসার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার বিষয়ে তিনি বলেন, জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে বাংলার জনগণ।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সেনাবাহিনী অনেকদিন ধরে মাঠে থেকে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে জনবলের স্বল্পতা রয়েছে। সেটা পূরণের লক্ষ্যেই কাজ করছে সেনাবাহিনী।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি জনবান্ধব সুশৃঙ্খল বাহিনী। তাদের সাতে যোগাযোগ বা তাদের কাছ থেকে সহযোগিতা নিতে সাধারণ জনগণের কোন সমস্যা নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *